জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া রায় নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।
বিবিসি ওয়ার্ল্ডের দেয়া প্রতিবেদনে বলা হয়, যুদ্ধাপরাধ সংক্রান্ত একটি বিশেষ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান গণহত্যা ও নির্যাতনের দায়ে অভিযুক্ত হন গত বছরের (২০১৩)মে মাসে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই একই আদালত দলের প্রধান মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় দেয় গত সপ্তাহে।
আরেক নেতা মীর কাসেম আলীকেও গত রোববার মৃত্যুদণ্ড দেয়া হয় বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মাওলানা নিজামী ও মীর কাসেম আলীর বিরুদ্ধে রায়ের উল্লেখ করে বিবিসি প্রতিবেদনে কামারুজ্জামানের রায় সম্পর্কে বলা হয়, পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের জন্য ১৯৭১ সালে যুদ্ধ চলাকালে নৃশংসতার দায়ে কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার আদেশ দেয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, কামারুজ্জামানের অপরাধের মধ্যে একটি হলো উত্তরের সীমান্ত সংলগ্ন জেলা সোহাগপুরে ১২০ নিরস্ত্র পুরুষ কৃষককে হত্যা।
যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশে দলীয় প্রধানের মৃত্যুদণ্ড-এমন শিরোনামে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, চার দশক আগে সংগঠিত নৃশংসতার দায়ে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে চলমান কঠোরতার এ পর্যায়ে দলের আরেক নেতাকে দেয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট।
প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধাপরাধের দায়ে দলের সর্বোচ্চ নেতা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেয়ার একদিন পরেই বাংলাদেশের সর্বোচ্চ ইসলামী দলের আরেক শীর্ষ নেতা, গণমাধ্যম সম্রাট (মিডিয়া টাইকুন) মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেয়া হয় গত রোববার।
জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল-শিরোনামে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে আল-বদর বাহিনীর ময়মনসিংহ জেলা প্রধান ছিলেন কামারুজ্জামান।হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ তার বিরুদ্ধে আনা সাতটি অভিযোগের মধ্যে পাঁচটিঅভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদন্ডের আদেশ দেয়া হয়।
কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল,বুধবারও হরতাল ডাকল জামায়াত-শিরোনামে রেডিও তেহরানের প্রতিবেদনে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিসুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ আজ সোমবার এ রায়দিয়েছেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
কেবি





