একুশে টেলিভিশনের অপরাধ বিষয়ক রিপোর্ট 'একুশের চোখ' টিমের ৬ রিপোর্টার-ক্যামেরাম্যানকে আটক করে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।সংবাদ সংগ্রহ করতে গেলে শনিবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালে এ ঘটনা ঘটে।
যাদের আঘাত করা হয়েছে তারা হলেন, রিপোর্টার ইলিয়াস হোসেন, জুলহাস কবির ও নুরুন্নবী এবং ক্যামেরাম্যান মনিরুল ইসলাম, টিটু ও রুমি।
একুশে টিভির রিপোর্টার রুবিনা ইয়াসমিন জানান,শনিবার সকালে একুশে টেলিভিশনের অপরাধ বিষয়ক রিপোর্টার ইলিয়াস হোসেন ও ক্যামেরাম্যান মনিরুল ইসলাম 'একুশের চোখ' এর জন্য বিভিন্ন অনিয়মের সংবাদ সংগ্রহ ও চিত্রধারণ করতে মিটফোর্ডে যান।
এ সময় বেলা ১১টার দিকে ডাক্তার ও কর্মচারীরা হামলা চালিয়ে জোরপূর্বক ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে এবং সাংবাদিকদের একটি রুমে আটকিয়ে রাখে।
এ খবর পাওয়ার পর একুশে টিভির আরেক রিপোর্টার জুলহাস কবির ও ক্যামেরাম্যান টিটুকে সেখানে পাঠানো হয়।তাদেরকেও আটকে রাখে মিটফোর্ড হাসপাতালের কর্মচারীরা।
এরপর অন্য আরেকজন রিপোর্টার নুরুন্নবী ও ক্যামেরাম্যান রুমিকে মিটফোর্ড হাসপাতালে পাঠায় একুশে টিভি। তাদের ক্যামেরা ভাঙচুর ও মারপিট করে আটকে রাখা হয়।
তবে এ বিষয়ে প্রাথমিকভাবে হাসপাতালের ডাক্তার ও কর্মচারীদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় কোতয়ালি থানার ওসি মনিরুল ইসলাম জানান,হাসপাতাল কর্তৃপক্ষ ও সাংবাদিকরা সমঝোতার জন্য একত্রে বসেছেন।বিকাল ৩টায় সাংবাদিকদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]