গুলশানের স্প্যানিশ রেস্তোরায় জঙ্গী হামলার প্রতিবাদ ও জঙ্গী হামলায় দেশী-বিদেশী নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত মানববন্ধনে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ জাতির এই ক্রান্তিকালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জঙ্গীবাদবিরোধী ঐক্য গঠনের আহ্বান জানিয়েছেন।

সোমবার (৪ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু অধ্যয়ন কেন্দ্র’র উদ্যোগে ‘জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক সমাবেশ ও মানববন্ধনে বক্তারা এই আহবান জানান।

সংগঠনের প্রধান সমন্বয়ক সাংবাদিক নেতা আব্দুল মজিদের সভাপতিত্বে ও সমন্বয়ক জাহাঙ্গীর খান বাবু’র সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি শেখ মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, আ’লীগের উপ কমিটির সহ সম্পাদক এম.এ করিম, কবির চৌধুরী তন্ময় প্রমুখ।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, বাংলাদেশে আইএস জঙ্গীর অস্তিত্ব আছে জানান দেওয়ার জন্যই এই বর্বর-ন্যাক্কারজনক হত্যাকাণ্ড চালিয়েছে সন্ত্রাসীরা। তারা স্বাধীনতাবিরোধীদের সহায়তায় এই ধরনের অপকর্ম সংঘটিত করেছে যাতে করে বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করা যায়। ৭১ সালে যারা গণহত্যা চালিয়েছিল সেই অপশক্তির প্রেতাত্মারাই জঙ্গীবাদের ধোয়া তুলে পুরোহিত, ব্লগার-মুক্তমনা লেখক, সেবক, পঞ্চায়েতসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ হত্যার সাথে জড়িত।

বক্তারা এই জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য দেশের সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেএসডি’র সভাপতি, সাবেক মন্ত্রী আ.স.ম আব্দুর রব, বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাহেদ চৌধুরী, বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ মোঃ আব্দুর রাজ্জাক শাকিল প্রমুখ।

এমআইএস