ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক সমকালের নগর সম্পাদক শাহেদ চৌধুরীকে অপহরণ চেষ্টাকারীদের তিন দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

মঙ্গলবার দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমিতির সভাপতি এম এম জসিম ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি নাজমুস সাদাত এবং সিনিয়র সদস্য মাসুম বিল্লাহ।

এসময় বক্তারা বলেন, শাহেদ চৌধুরী সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন ডিআরইউর সভাপতি। তাকে অপহরণের চেষ্টা মানে গোটা সাংবাদিক সমাজকেই টার্গেট করা। আগামী তিন দিনের মধ্যে অপহরণ চেষ্টাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

ভবিষ্যতে সাংবাদিকদের ওপর কোনো ধরনের আক্রমণ এলে দেশের সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয় সমাবেশ থেকে।
গত রবিবার সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণি থেকে অপহরণের চেষ্টা করা হয় শাহেদ চৌধুরীকে। এ সময় তিনি একটি ইফতার পার্টি থেকে ফিরছিলেন।

ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই