নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা-কর্মচারীদের হাতে লাঞ্ছনার শিকার হয়েছেন বেসরকারী টিভি চ্যানেলের দুই সাংবাদিক। এ সময় তাদের ক্যামেরা ভেঙে ফেলা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনে স্থাপিত ইসির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) শাখায় এ ঘটনা ঘটে।
এনআইডি শাখার নিচতলায় ছবি তুলতে গেলে কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে বেসরকারি টিভি চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার জিএম মোস্তাফিজুল আলম ও ক্যামেরাপারসন রিপু আহমেদকে মারধর করেন।
এ বিষয়ে মোস্তাফিজুল আলম জানান, বেলা ১১টার দিকে ছবি নেওয়ার সময় ক্ষিপ্ত কর্মচারীরা রিপু আহমেদকে টেনে হিঁচড়ে সাত তলায় নিয়ে যায়। পেছন পেছন আমি ছুটে গেলে কর্মকর্তা-কর্মচারীরা আমাদের ঘিরে ধরে। প্রতিবাদ করায় দু’জনকেই আইডিইএ প্রকল্পের উপ-পরিচালক আব্দুল বারী’র কক্ষে নিয়ে যান লাঞ্ছনাকারীরা।
এ সময় বারী আমাকে আটকে রেখে পুলিশে দেওয়ার হুকুম দেন। এছাড়া ক্যামেরা কেড়ে নেওয়ারও নির্দেশ দেন। তার নির্দেশেই কর্মকর্তা-কর্মচারীরা আমাদেরকে মারধর করেন ও ক্যামেরা কেড়ে নেওয়া হয়।
মোস্তাফিজুল আলম আরও জানান, এ সময় নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ এনআইডি শাখায় উপস্থিত ছিলেন। তিনি ঘটনাস্থলে এসে ক্যামেরা ফেরত দিতে বলায় তারা ভাঙা ক্যামেরা ফেরত দেন। কিন্তু মেমোরি কার্ড দেননি।
এনআইডি শাখার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ সাংবাদিকদের বলেন, একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমি খোঁজ নিচ্ছি।
এআই





