বাংলাদেশ পাবলিকেশন্স লিমিডেট এর ৪৬তম বার্ষিক সাধারণ সভা আজ শনিবার বসুন্ধরা গোল্ড ওয়াটার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানীর চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে , কোম্পানী সচিব জনাব মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক জনাব ড.মোহাম্মদ নূরুল আমিন।
উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম সম্পাদক জনাব আবুল আসাদ, ভাইস চেয়ারম্যান জনাব আব্দুর রব, পরিচালক জনাব মো: শহীদুল ইসলাম, এডভোকেট জনাব মসিউল আলম, বিপিএল রিয়েল এস্টেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট জনাব আবদুর রাজ্জাক।
সভায় শেয়ার হোল্ডারদের বিভিন্ন প্রশ্নে জবাব দেন পরিচালক জনাব মো: শহীদুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক জনাব ড.মোহাম্মদ নূরুল আমিন।
উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ড.মোহাম্মদ নূরুল আমিন সভায় হাজির হওয়ার জন্য শেয়ার হোল্ডার ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানান। তিনি বলেন, কোম্পানীর ৩টি প্রকল্প চলমান রয়েছে। একটি হচ্ছে বাণিজ্যিক ভবন ও আবাসিক প্রকল্প, দ্বিতীয়টি দৈনিক সংগ্রাম ও তৃতীয়টি সাপ্তাহিক দি রাইজিং সান।
কোম্পানী তার প্রকল্পগুলো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নানা প্রতিবন্ধকতার কারনে কোম্পানীকে কাঙ্খিত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তিনি এক্ষেত্রে শেয়ার হোল্ডারদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
তিনি উল্লেখ করেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্থানীয় কতিপয় সন্ত্রাসী বিপিএল ভবন থেকে আমাদের কর্মচারীদের বের করে দিয়ে জোরপূর্বক ভাড়াটিয়াদের থেকে ভাড়া আদায় করে নিয়ে যাচ্ছে। ভবনটি জবর দখলের অপচেষ্টা চালাচ্ছে।
স্থানীয় প্রশাসনের সাথে বারবার যোগাযোগ করে যার প্রতিকার মিলছেনা। তিনি অবিলম্বে ভবনটির জবর দখলের অপচেষ্টায় লিপ্ত সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন ।
সভায় ৪৫তম বার্ষিক সাধারন সভার কার্যবিবরনী অনুমোদন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন করা হয়। ৩ জন পরিচালক অবসর গ্রহন করার কারনে নতুন করে ৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। তারা হলেন, জনাব আবু তাহের মোহাম্মদ মাসুম ভূইয়া, জনাব মো: তাসনীম আলম ও জনাব মো: শহীদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে কোম্পানীর চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম ধৈর্য্যরে সাথে সকল আলোচ্যসূচিতে অংশগ্রহন করে সার্বিক সহযোগিতা দানের জন্য শেয়ারহোল্ডারদের আর্ন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করেন।
তিনি বার্ষিক সভা ছাড়াও সব সময় কোম্পানীর সকল ব্যাপারে পরামর্শ দান এবং সকলকে সম্মিলিতভাবে চেষ্টা করার অনুরোধ জানান।
তিনি উল্লেখ করেন, পরামর্শের আলোকে কোম্পানীর বাণিজ্যিক ও আবাসিক প্রকল্প সম্প্রসারন, দৈনিক সংগ্রাম এবং সাপ্তাহিক রাইজিং সান পত্রিকাকে সর্বমহলের উপযোগী করে গড়ে তোলার জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।
এসএইচ





