দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে মুক্তি দাবি করে মানববন্ধন করেছে দৈনিক সংগ্রামের নারায়ণগঞ্জে পাঠক ফোরাম। গতকাল সোমবার ২০ জানুয়ারি সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সংগ্রামের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এডভোকেট তমিজউদ্দিন আহমদ। বক্তব্য রাখেন স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিকবৃন্দ। বক্তারা সাংবাদিক ও লেখক আবুল আসাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার মুক্তি দাবির পাশাপাশি প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি জানান।

দৈনিক সংগ্রামে সম্পাদক আবুল আসাদ প্রাবন্ধিক ও কলাম লেখক। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ পাশ করেন। ছাত্রজীবন থেকে তার লেখক ও সাংবাদিকতা জীবনের শুরু। তিনি কয়েকটি দৈনিক ও সাপ্তাহিকে রাজশাহী সংবাদদাতা হিসাবে কাজ করেছেন শুরুতে। ১৯৭০ সালে ১৭ই জানুয়ারী দৈনিক সংগ্রামে সহকারী সম্পাদক হিসাবে যোগদানের মাধ্যমে তিনি সার্বক্ষণিক সাংবাদিক জীবনের শুরু করেন। ১৯৮১ সালে তিনি দৈনিক সংগ্রামের সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। এ পর্যন্ত প্রকাশিত তার গ্রন্থের মধ্যে রয়েছে ইতিহাস গ্রন্থ 'কাল পঁচিশের আগে ও পরে' এবং 'একশ' বছরের রাজনীতি', ঐতিহাসিক ঘটনার চিত্রধর্মী গল্প 'আমরা সেই সে জাতি' (তিন খন্ড) এবং প্রবন্ধ সংকলন 'একুশ শতকের এজেন্ডা', সময়ের সাক্ষী, ওয়ান ইলেভেনের পূর্বাপর দৃশ্যপট, একাত্তর এবং অন্যান্য প্রবন্ধ, যুগ সন্ধিক্ষণের পৃথিবী। তার সবচেয়ে সাড়া জাগানো সাহিত্যকর্ম হলো সাইমুম সিরিজ। এ পর্যন্ত এই সিরিজের ৬১ টি বই প্রকাশিত হয়েছে।

মামলা ও গ্রেফতার

গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় সংগ্রাম কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এসময় তারা অফিস থেকে সম্পাদক আবুল আসাদকে নামিয়ে নিয়ে লাঞ্চিত করে। পরে পুলিশ তাকে আটক করে।
এর আগে দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানা সিলগালা হওয়ার পর দৈনিক সংগ্রামের ছাপাখানায় আমার দেশ মুদ্রণের অভিযোগে ২০১৩ সালে আবুল আসাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এ মামলায় ছাপাখানার ১৯ কর্মচারী গ্রেফতার হয়। এছাড়া ১৯ সেপ্টেম্বর ২০১১ তারিখে দৈনিক সংগ্রাম কার্যালয় থেকে র‌্যাব নিয়ে যায়। পরে ঢাকার রমনা থানার রাজনৈতিক দলের মিছিলে অংশগ্রহণের মামলায় আদালত তাকে রিমান্ড শেষে কারাগারে পাঠায়। বিজ্ঞপ্তি।