রাজধানীর কারওয়ান বাজারের বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থার (বিএসইসি) ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে দৈনিক আমার দেশের গোডাউন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও আরটিভিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যালয়ও। এজন্য দেশের অন্যতম এ দুই টিভির সম্প্রচারও বন্ধ হয়ে যায়।

শুক্রবার দুপুরের এ অগ্নিকাণ্ডের ঘটনার কারণ জানা না গেলেও তা অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, অসাবধানতার কারণেই ভবনের ১১ তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর তা মুহূর্তেই ভবনের অন্য তলাতেও ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা আর ধোঁয়া ছড়িয়ে পড়ে ভবনের বাইরেও। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দফতর, তেজগাঁও, পলাশী, মোহাম্মদপুর স্টেশনের ২০টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার আলী আহমদ খান সাংবাদিকদের বলেন, বেলা ১১টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ফায়ার কর্মীরা ছুটে আসেন। দুই ঘণ্টা চেষ্টার পর ১টা ৫৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৯টি গাড়ি ও একশজন দমকলকর্মী একযোগে কাজ করেছেন। আলী আহমদ খান বলেন, সার্চিং ইউনিট জানিয়েছে কোনো হতাহত নেই।

ক্ষয়ক্ষতি প্রসঙ্গে তিনি জানান, দুই-একটি অফিস ছাড়া ১১তলা ভবন সম্পূর্ণ পুড়ে গেছে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

জেআই