একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা নিজামীকে দেয়া মৃত্যুদণ্ডের রায়ের খবরটি গুরুত্বের সাথে স্থান পেয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে।

জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আজ (বুধবার) দুপুরে মৃত্যুদণ্ডের এই রায় দেয়া হয়।

বাংলাদেশে ইসলামী নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড-শিরোনামে বিবিসি ওয়ার্ল্ডের রিপোর্টে বলা হয়, পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সর্ববৃহত ইসলামী দলের প্রধানকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

বিতর্কিত ট্রাইব্যুনাল-এমন সাব হেডিংয়ে বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, রায়কে সামনে রেখে আগে থেকেই ঢাকা ও আশেপাশে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা নেয়া হয়, কারণ এর আগের রায়গুলোতে দেখা গেছে ট্রাইব্যুনাল রায় ঘোষণার পর পরই রাস্তায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে।

সমালোচকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্য করেই সরকার এই ট্রাইব্যুনালকে ব্যবহার করছে।

এছাড়া এই ট্রাইব্যুনালে যে আন্তর্জাতিক মান বজায় রাখা হচ্ছে না সে ব্যাপারে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের ইতিপূর্বের রিপোর্টেরও বরাত দেয়া হয় বিবিসির প্রতিবেদনে।

বাংলাদেশে জামায়াত প্রধানের মৃত্যুদণ্ড-এমন শীরোনামে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে জামায়াতে ইসলামীর প্রধানকে দেশের একটি বিশেষ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে।

একাত্তরে দেশটির স্বাধীনতা যুদ্ধের সময় হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য তাকে দায়ী করে এই রায় দেয়া হয়।

রায়কে প্রত্যাখ্যান করে জামায়াতের ডাকা তিনদিনের হরতালের বিষয়টিও উঠে আসে আলজাজিরার প্রতিবেদনে।

ঢাকায় নিজামির মৃত্যুদণ্ডের নির্দেশ দিল ট্রাইবুনাল-এই শীরোনামে ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, যে সমস্ত দাবিতে এক সময় কেঁপে উঠেছিল ঢাকার শাহবাগ স্কোয়ার, তারই একটিতে বুধবার সিলমোহর পড়ল। দীর্ঘ টালবাহানার পর প্রায় আড়াই বছরের বিচারপর্ব শেষে মতিউর রহমান নিজামির মৃত্যুদণ্ডের নির্দেশ দিল বাংলাদেশের ট্রাইবুনাল।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, গণধর্ষণ, লুঠপাট, অগ্নিসংযোগ—এমনই বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের দায়ে বুধবার এই নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১।

আনন্দবাজারের প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের শুরুর দিকে শাহবাগ স্কোয়ার-সহ গোটা দেশ জামাতে ইসলামির নৃশংস বিরোধিতা উপেক্ষা করে জামাত-নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে গর্জে ওঠে।

কাদেরের ফাঁসি তো বটেই, পাশাপাশি ওই বিক্ষোভের অন্যতম দাবি ছিল, গোলাম আজম, সাকা চৌধুরী, মতিউর রহমান নিজামি-র মতো যে সমস্ত গণহত্যাকারীকে প্রশাসন গ্রেফতার করেছে তাঁদেরও ফাঁসি দিতে হবে। নিজামের বিচারপর্ব দীর্ঘায়িত হওয়ায় ক্ষোভ বাড়তে থাকে। কিন্তু শেষমেশ সেই দাবিতে ট্রাইবুনালের সিলমোহর পড়ায় কার্যত খুশি সে দিনের সেই সব আন্দোলনকারী।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ-শীরোনামে রেডিও তেহরানের প্রতিবেদনে বলা হয়, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

আজ (বুধবার) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১ এই আদেশ দেন।

লন্ডনের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদনে শিরোনাম করা হয়-বাংলাদেশ: ইসলামী পার্টির নেতা যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডের সাজা পেল।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই দীর্ঘদিনের অপেক্ষার পর বাংলাদেশের সর্ববৃহত ইসলামী দলের নেতাকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি দেয়া হলো।

ট্রাইব্যুনালে দেয়া এর আগের বিভিন্ন রায়ের পরে এবং নির্বাচনে জামায়াত অংশ নিতে পারবে না উচ্চ আদালতের এমন একটি রায়ের পরে জামায়াতের দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদের বিষয়টিও গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়। এতে দেশব্যাপী জামায়াতের কোটি কোটি সমর্থক রয়েছে বলেও উল্লেখ করা হয়।

কেবি