এখন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) সাংবাদিকেদের প্রবেশে পূর্বানুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কেউ প্রবেশ করলে সেক্ষেত্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। শনিবার থেকে সাংবাদিকদের প্রবেশে এমন কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ।
জরুরি বিভাগের মেডিকেল অফিসারের টেবিলে এ সংক্রান্ত একটি খাতা খোলা হয়েছে। এই খাতায় সাংবাদিক প্রবেশ ও বের হওয়ার তথ্য সংরক্ষণ থাকবে।
কয়েকজন মেডিকেল প্রতিনিধি জানান,খাতাটিতে লেখা রয়েছে,‘হাসপাতালে  যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে এবং রোগীদের সেবা কার্যক্রম যেন বিঘ্নিত না হয় তাই পরিচালকের নির্দেশে এ আইন চালু করা হয়েছে।’
একাধিক সূত্রে জানায়,চিকিৎসকরা হাসপাতালের ভেতরে কোনভাবেই সাংবাদিক প্রবেশের পক্ষে নয়। এ নিয়ে মহাপরিচালকের কাছে তারা বারবার নিজেদের মতামত জানিয়েছেন। চিকিৎসকদের একটি বড় অংশ হাসপাতাল এলাকাকে সাংবাদিক মুক্ত রাখারও প্রস্তাব করেছেন। পরবর্তীতে কয়েক দফা সভা শেষে মহাপরিচালক শর্ত সাপেক্ষে হাসপাতালে সাংবাদিক প্রবেশের অনুমতি প্রদানের বিধান রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন।
মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান সাংবাদিকদের জানান,এটা মহাপরিচালকের সিদ্ধান্ত।
সাংবাদিকদের প্রবেশের বিষয়ে নতুন খাতাটিতে লেখা আদেশ উল্লেখ করে আরও জানান,‘সকালে অফিস চলাকালীন সময় সংবাদ সংগ্রহের জন্য কোনো সাংবাদিক ভেতরে যেতে চাইলে পরিচালকের অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। এছাড়া বেলা ২টার পর কেউ প্রবেশ করতে চাইলে সেক্ষেত্রে দায়িত্বরত মেডিকেল অফিসারের কাছ থেকে ভিজিটর কার্ড সংগ্রহ করে ভেতরে প্রবেশ করতে হবে। অন্যথায় কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটলে এর জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। নির্দেশনাটি গত বৃহস্পতিবার থেকে চালু হলেও কার্যকর হচ্ছে শনিবার সকাল থেকে।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]