আগামীকাল ৩ অক্টোবর ২০২৬ শনিবার ঢাকায় শুরু হচ্ছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’। পঞ্চমবারের মতো আয়োজিত সম্মেলনটি আগামী ৩ থেকে ৫ অক্টোবর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ভূ-রাজনৈতিক আন্তর্জাতিক সম্মেলন হিসেবে বিওবিসি ইতোমধ্যে আঞ্চলিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
এবারের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। অতিথিদের তালিকায় থাকছেন বিভিন্ন দেশের সাবেক এবং বর্তমান রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, সামরিক বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, ব্যবসায়ী ও বিনিয়োগকারী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
আজ শুক্রবার সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে সিজিএস’র প্রেসিডেন্ট জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে সম্মেলনের সূচনা ঘোষণা করেন। তিনি এবারের বে অব বেঙ্গল কনভারসেশনের পাঁচটি মূল স্তম্ভ তুলে ধরে বলেন, “সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে বঙ্গোপসাগরের গুরুত্ব ক্রমেই বাড়ছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে এই অঞ্চলকে ঘিরে উদ্ভূত সমস্যা ও সম্ভাবনা নিয়ে কার্যকর সমাধান খোঁজাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।এবারের আলোচনায় ভূরাজনীতি, নিরাপত্তা, আস্থা, জলবায়ু পরিবর্তন, আধ্যাত্মিকতা ও মানবিকতার মতো বিষয় গুরুত্ব পাবে। সিজিএস ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে কার্যক্রম সম্প্রসারণ করেছে এবং ভবিষ্যতে ব্রাসেলস ও দুবাইয়েও বিস্তারের পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে সিজিএস’র নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী বলেন, বে অব বেঙ্গল কনভারসেশন দক্ষিণ এশিয়ার বৃহত্তম বেসরকারিভাবে আয়োজিত আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন। সময়ের সঙ্গে এর পরিসর বেড়েছে এবং কঠিন ও সংবেদনশীল বিষয়কে আলোচনার কেন্দ্রে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। এবারের সম্মেলনে বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তা, বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হবে। তিনি অংশগ্রহণকারীদের এসব সংলাপে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিজিএস’র পরিচালক সুবীর দাস, গবেষণা সহকারী তাসফিয়া রহমান এবং সিজিএস’র অন্যান্য সদস্যরা।
সম্মেলনের আলোচনার বিষয়বস্তু, সময়সূচী ও আলোচকদের তালিকা সমৃদ্ধ বুকলেট বিওবিসি’র অফিসিয়াল ওয়েবসাইট - এ পাওয়া যাবে, আগ্রহীরা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন।
এমএম











