শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর এলাকায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, জাতীয় নির্বাচনের আগে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ইসলামী মূল্যবোধসম্পন্ন বিভিন্ন বক্তব্য দিয়েছেন। বিশেষ করে ইসলামকে পুঁজি করে এবং ইসলামী লেবাস ধারণ করে যারা ইসলামের ক্ষতি করছেন বলে তিনি মনে করেন, তাদের কর্মকাণ্ড তিনি তুলে ধরেছেন। এতে বিভ্রান্ত অনেক মানুষ সচেতন হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নির্বাচনের আগে ‘জান্নাতের টিকিট’ বিতরণের নামে মানুষকে যেভাবে বিভ্রান্ত করা হচ্ছিল, সেই বিভ্রান্তি দূর করে মানুষকে সচেতন করার ক্ষেত্রে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানাই। বিএনপির পক্ষ থেকেও তাকে ধন্যবাদ জানানো হয়েছে। ইসলামের প্রচার ও প্রসারে হেফাজতে ইসলাম বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও দাবি করেন তিনি।

জামায়াতে ইসলামীর উদ্দেশে রাশেদ খাঁন বলেন, যারা ইসলামের কথা বলেন, বিশেষ করে জামায়াতে ইসলামীকে পরামর্শ দেব—ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ইসলামের কাছ থেকে শিখুন। তার দাবি, জামায়াত ইসলাম ও ইসলামী মূল্যবোধ থেকে অনেক দূরে সরে গেছে এবং দেশের জনগণ তাদের কাছ থেকে এমনটা প্রত্যাশা করে না।

তিনি আরও বলেন, একদিকে জামায়াত ইসলামের কথা বলছে, অন্যদিকে তাদের কর্মকাণ্ড ও বক্তব্যের সঙ্গে ইসলামের বৈসাদৃশ্য রয়েছে। জামায়াতে ইসলামী নিজেদের ইসলামী রাজনীতির অনুসারী বলে দাবি করে এবং শরিয়াহ আইন প্রতিষ্ঠার কথা বলে উল্লেখ করে তিনি বলেন, ইসলামী মূল্যবোধের কথা বলে ইসলামের ক্ষতি করা উচিত নয়।

রাশেদ খাঁনের ভাষ্য, মাঠে-ময়দানে জামায়াতে ইসলামী যেসব রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, তাতে জাতি বিভ্রান্ত হচ্ছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মুহিব্বুল্লাহ বাবুনগরী বর্তমান সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। সাত মাসের এই সরকারের বিরুদ্ধে সহযোগিতা না করে কেন লংমার্চ করা হচ্ছে—সাক্ষাতে এমন প্রশ্নও তিনি তুলেছেন বলে জানান রাশেদ খাঁন।

তিনি বলেন, যারা একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিবাদকে হটিয়েছেন, তাদের সবার দায়িত্ব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রেখে রাষ্ট্র পুনর্গঠন করা।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে রাশেদ খাঁন অভিযোগ করেন, রাষ্ট্র পুনর্গঠনে বর্তমানে দলটির মনোযোগ নেই। তার দাবি, ইসলামকে পুঁজি করে, মানুষকে বিভ্রান্ত করে এবং ‘মুনাফিকির আশ্রয় নিয়ে’ কীভাবে ক্ষমতায় যাওয়া যায়, জামায়াতে ইসলামী সে চেষ্টা করছে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর কথিত ‘মুনাফিকি আচরণের’ বিরুদ্ধে অবস্থান নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ জনগণের কণ্ঠস্বর হিসেবে এবং ইসলামের কাণ্ডারি হিসেবে কাজ করছে। এ জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরসহ সংগঠনটির নেতাদের ধন্যবাদ জানান তিনি।

সৌজন্য সাক্ষাতের সময় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএম