দৈনিক কালের কন্ঠের রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা রোকন রাকিব, রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম এবং কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হকের বিরুদ্ধে রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের দায়ের করা হয়রানিমুলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকবৃন্দ।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রান্থাগারের সামনে তারা এই মানববন্ধন আয়োজন করে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক জনকন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলী রমজানের পরিচালনায় এবং রাবি সাংবাদিক সমিতির সভাপতি ও ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাঈদ শুভ’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, রাবি প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানব কন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বুলবুল আহমাদ ফাহিম, সহ-সভাপতি রুহুল আমিন রয়েল, রিপোটার্স ইউনিটির সভাপতি সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শামীম রহমান, মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি মো. গোলাম রব্বানী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে কলম ধরে তখনই তাদেরকে মামলা-হামলা করে তাদের কন্ঠরোধ করা হয়। আজ যখন বাহিরের লোক এসে প্রকাশ্য দিবালোকে শিক্ষকদের সম্মুখে আমাদের অভিভাবকদের লাঞ্ছিত অপমানিত করে যাচ্ছে তখন আমরা সেই অন্যায়ের প্রতিবাদ জানালে আমাদের নামে মিথ্যামামলা দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে।

আমরা অতিদ্রুত এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। মানবন্ধন থেকে বক্তারা মামলা প্রত্যাহারের জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন।

উল্লেখ্য, নিজেদের পছন্দের ব্যক্তিদের নিয়োগ না দেওয়ায় গত বুধবার রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী ভিসির দপ্তরে ঢুকে ভিসিকে টেবিল চাপড়িয়ে হুমকি দেন।

এর পরের দিন একই দাবিতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ১৫-২০ জন নেতাকর্মী নিয়ে অনুমতি ছাড়াই ভিসির দপ্তরে ঢুকে ভিসিসহ অন্যান্য শিক্ষকদের লাঞ্ছিত করেন।

আর এই সংবাদ প্রকাশের জন্য দৈনিক কালের কন্ঠের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা রোকন রাকিব, রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম এবং কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমুলক মানহানি মামলা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

এমকে