রাজধানীর বিজয়নগরে পুলিশ কর্তৃক সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে পিটুনির ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে ঢাবি সাংবাদিক সমিতি। 

সোমবার সকাল ১১টায় ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

এর আগে, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে ইংরেজি দৈনিক দ্য নিউ এজ’র ঢাবি প্রতিনিধি নাজমুল হুদা সুমন ও ঢাবি শিক্ষার্থী খায়রুজ্জামান শুভ পুলিশের বেধড়ক পিটুনির শিকার হন। তারা দু’জনই জিয়া হলের শিক্ষার্থী।

মোটর সাইকেলের পেছনে আরোহী বহনে নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে তাদের পেটানো হয় বলে জানা গেছে।

এদিকে, এ ঘটনাটিকে ন্যাক্কারজনক আখ্যায়িত করে নিন্দা জানিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ।

এএইচ