মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে গত ৩০ জুলাই ৩৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। মঙ্গলবার সেই অভিযোগ আমলে নিয়ে পলাতক ৩৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আর কারাগারে থাকা চার আসামিকে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট দেওয়া হয়।

প্রোডাকশন ওয়ারেন্ট পাওয়া চারজন হলেন—রাজশাহী-৩ আসনের সাবেক এমপি মো. আসাদুজ্জামান আসাদ, ডাবলু সরকার, জহিরুল ইসলাম রুবেল ও মোহাইমিনুল ইসলাম মানিক।

শুনানিতে প্রসিকিউশনের পক্ষে মামলার বিভিন্ন অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর জহিরুল আমিন। তিনি ঘটনার বিবরণ উপস্থাপনের পাশাপাশি ট্রাইব্যুনালে তিনটি ভিডিও প্রদর্শন করেন। প্রসিকিউশনের দাবি, ভিডিওগুলোতে কয়েকজন আসামিকে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। এ সময় কয়েকজন আসামিকে শনাক্তও করা হয়।

প্রসিকিউশন পরে অভিযোগের প্রাথমিক ভিত্তি বিবেচনায় নিয়ে তা আমলে নেওয়া এবং পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার শেখেরচক স্বচ্ছ টাওয়ারের বিপরীতে লবঙ্গ রেস্টুরেন্টের সামনে আন্দোলনকারী রায়হান আলীকে গুলি করে হত্যা করা হয়। একই সময়ে শাহ মখদুম কলেজের সামনে আনজুম সাকিব হত্যার শিকার হন। এছাড়া সালমান ওরফে শিমুলসহ আরও অনেকে আহত হন।

প্রসিকিউশনের অভিযোগ, শেখেরচক স্বচ্ছ টাওয়ারের সামনে, শাহ মখদুম কলেজ, পদ্মা নদীর বেড়িবাঁধ, আলুপট্টি মোড়সহ বিভিন্ন এলাকায় সংঘটিত এসব হত্যাকাণ্ড ও হামলা মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ৩৪ জনের মধ্যে রয়েছেন—এএইচএম খায়রুজ্জামান লিটন, বিপ্লব বিজয় তালুকদার, হুমায়ুন কবির, রকি কুমার ঘোষ, রাশিক দত্ত, বাপ্পী চৌধুরী রনি, মহিদুল ইসলাম মোস্তফা, খালিদ হাসান বিপ্লব, রাশেদুল করিম রোজেল, মেহেদী হাসান ওরফে রনি, জেডু সরকার ওরফে জাবেদুর রহমান, আব্দুল হামিদ সরকার ওরফে টেকন, আনোয়ার হোসেন ওরফে আনার, আরমান আলী, আব্দুল মোমিন, শাহাদত হোসেন শাহু, তৌহিদুল হক সুমন, মাহতাব হোসেন চৌধুরী, আলাউদ্দিন ওরফে আলাল, সরিফুল ইসলাম বাবু, মো. নাবিল হাসান, মাহমুদুল হাসান রাজীব, ফরহাদ হোসেন বিপ্লব, তৌরিদ আল মাসুদ রনি, মেহেদী হাসান রিমেল ওরফে রিগেন, আশরাফুল ইসলাম জাফর, সুকান্ত কুমার দাস, ফয়সাল আহমেদ রুনু, নুর মোহাম্মদ সিয়াম, আসাদুল্লা-হিল-গালিব, গোলাম কিবরিয়া, আলাল পারভেজ লুলু, মনিরুজ্জামান খান ওরফে মনির এবং শফিকুজ্জামান ওরফে শফিক।

মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

এস