নিহতদের মধ্যে বরগুনায় কৃষিকাজ করার সময় এক কৃষক, পটুয়াখালী, শরীয়তপুর ও পিরোজপুরে মাঠ থেকে গরু আনতে গিয়ে তিন কৃষক এবং বরিশালে মাছের ঘেরে কাজ করার সময় এক স্কুলছাত্র প্রাণ হারান।
বরগুনা: বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নে বজ্রপাতে মো. মহিউদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নের সেকান্দরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মস্তুকটানা এলাকায় নিজ জমিতে মাটি কাটার কাজ করছিলেন মহিউদ্দিন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পটুয়াখালী: পটুয়াখালীর দুমকি উপজেলায় বজ্রপাতে মজিবর সরদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি লেবুখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আয়নাল সরদারের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হলে মাঠে বাঁধা গরু আনতে যান মজিবর। এ সময় বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামে বজ্রপাতে মুছা হাওলাদার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির আশঙ্কায় মাঠে চরে থাকা গরু আনতে যান তিনি। এ সময় বজ্রপাতের শিকার হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোদালপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বাবু মৃধা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সোনাখালী এলাকায় বজ্রপাতে ছোয়ারাব জোমাদ্দার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আকস্মিক বৃষ্টি শুরু হলে বাড়ির কাছের মাঠে থাকা গরু খুঁজতে যান তিনি। ডা. রুস্তম আলী ফরাজি কলেজসংলগ্ন মাঠে পৌঁছানোর পর বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বজ্রপাতে তানভীর খান (১৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তিনি চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী এবং উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের ওয়াসিম খানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের একটি মাছের ঘেরে কাজ করছিলেন তানভীর। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহানাজ পারভীন সেতু মৃত ঘোষণা করেন।
এদিকে, একদিনে দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যুর ঘটনায় স্থানীয় এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। আবহাওয়াবিদরা বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় ও উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন।
এস