বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে টিফিন বিরতির সময় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো—ষষ্ঠ শ্রেণির ছাইমা, সানজিদা, মীম ও নকিব; সপ্তম শ্রেণির নুসরাত জাহান সেবা ও ফাহিম এবং নবম শ্রেণির নোভা। তাদের মধ্যে ছাইমা, সানজিদা ও নোভা অচেতন হয়ে পড়ে।

বিদ্যালয় সূত্র জানায়, দুপুরে টিফিন বিরতির সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পর ষষ্ঠ শ্রেণির কক্ষের পাশের রেইনট্রি গাছে বজ্রপাত হলে চারদিকে বিকট শব্দ হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তিন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। আহত হয় আরও চার শিক্ষার্থী।

বজ্রপাতের আঘাতে গাছটি ওপর থেকে নিচ পর্যন্ত ফেটে যায়। গাছের বিভিন্ন অংশের ছালও খসে পড়ে। ঘটনাটি জানাজানি হলে গাছটি দেখতে স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন।

নবম শ্রেণির শিক্ষার্থী নোভা জানায়, ঘটনার সময় সে দ্বিতীয় তলা থেকে নিচে নামছিল। হঠাৎ বজ্রপাতের ঝলকানি ও বিকট শব্দে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে বিদ্যালয়ের শিক্ষকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাছমিন আক্তার সাত শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পর বিদ্যালয়েই আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সবাই সুস্থ হলে তাদের অভিভাবকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এস