শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে মেরামত শেষে ১২৫ মেগাওয়াট ক্ষমতার ১ নম্বর ইউনিটটি পুনরায় চালু করা হয়। বর্তমানে এই ইউনিট থেকে প্রায় ৫৫–৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
গত ২৫ এপ্রিল বয়লারের পাইপ ফেটে যাওয়ার কারণে ইউনিটটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের অন্তত আট জেলায় তীব্র বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়, যা জনজীবন ও শিল্প কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলে।
২০০৬ সালে চালু হওয়া বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। শুরুতে দুটি ইউনিট থাকলেও ২০১৭ সালে আরও একটি বড় ইউনিট যুক্ত হয়। তবে বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু রাখা সম্ভব হয়নি।
বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে চালু হওয়া ইউনিট থেকে ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হবে। একই সঙ্গে ৩ নম্বর ইউনিটের ওভারহোলিং কাজ চলছে, যা আগামী ১৫ মের মধ্যে চালু হতে পারে। সেটি চালু হলে উত্তরাঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতি আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
এস