বুধবার (১৫ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কবলে পড়া পূর্বাশা পরিবহনের বাসটি ঢাকা থেকে চুয়াডাঙ্গার দর্শনার দিকে যাচ্ছিল। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে আটকে পড়া চালককে উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫০ যাত্রী নিয়ে মাওয়ামুখী বাসটি উচ্চগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ধাক্কায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন। এছাড়া বাসের ভেতরে থাকা অন্তত ১১ জন যাত্রী আহত হন।
শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে আমাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাইড্রোলিক সরঞ্জাম ব্যবহার করে বাসের ভেতরে আটকে থাকা চালককে উদ্ধার করেন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে কিছুক্ষণ যানচলাচল ব্যাহত হলেও ফায়ার সার্ভিস ও পুলিশ বাসটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহত অন্যান্য যাত্রীদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ থাকা যাত্রীদের বিশেষ ব্যবস্থায় তাঁদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এনএইচ