ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, গত দুই দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২–৩ দিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
টানা বৃষ্টিতে শহরের ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড়সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। নিচু সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। দোকানপাটে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে মালপত্র।
পৌর হকার্স মার্কেটের ব্যবসায়ী আবদুর রহমান ফারহান বলেন, সকাল থেকে দোকানে পানি ঢুকে সব জিনিস নষ্ট হচ্ছে। গেল বছরের বন্যার ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারিনি। র্ষা মৌসুমের আগে যদি শহরের ড্রেনেজ ব্যবস্থা সচল করা হতো তাহলে আমাদের এত ক্ষতির মুখে পড়তে হতো না।
ছাগলনাইয়ার আবদুল হক ডিগ্রি কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, দুপুরে অনার্স পরীক্ষা আছে। এই বৃষ্টি আর পানির মধ্যে কেন্দ্রে যাব কীভাবে জানি না। কর্তৃপক্ষ যদি পরীক্ষা স্থগিত করতেন আমরা অনেক উপকৃত হতাম।
ফেনী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন জানান, অতিবৃষ্টি ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টি কমলেই পানি নেমে যাবে। ইতোমধ্যে পৌরসভার সাতটি টিম পানি সরানোর কাজে নিয়োজিত রয়েছে।
এনএইচ