logo
Search

সারাদেশ

গায়েবি মামলার কোনো প্রমাণ নেই ৫ আগস্টের পর: আইনমন্ত্রী

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি বা রাজনৈতিক মামলা দায়ের হয়নি বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ সময়ে পুলিশ বাদী হয়ে নতুন করে কোনো গায়েবি মামলা করেনি।

রোববার দুপুরে সাতক্ষীরায় আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি তদারকি সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, গায়েবি মামলাগুলোর বাদী সাধারণত পুলিশ হয়ে থাকে। তবে ৫ আগস্টের পর একটিও রাজনৈতিক গায়েবি মামলা হয়েছে—এমন কোনো প্রমাণ নেই। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মাদক, অস্ত্র ও সোনা চোরাচালান বন্ধেও প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে বলে জানান তিনি। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, এ নিয়ে কোনো দ্বিমত বা শর্ত নেই। জুলাই সনদ অনুযায়ী এর সার্বিক বাস্তবায়ন সম্পন্ন করা হবে।

সাতক্ষীরার দায়িত্ব পাওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এ জেলার মাটি, বায়ু, মানুষ ও আতিথেয়তা সবকিছুই তার কাছে বিশেষ। সাতক্ষীয়ার দায়িত্ব পেয়ে তিনি নিজেকে গর্বিত ও ধন্য মনে করছেন বলেও জানান।

এর আগে সাতক্ষীরার বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। এ সময় বিচার বিভাগের কার্যক্রম আরও গতিশীল করতে শূন্য পদে দ্রুত বিচারক নিয়োগ এবং মামলাজট কমানোর আশ্বাস দেন তিনি।

আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি তদারকি সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কায়সার আজিজ। সভায় জনপ্রতিনিধি, প্রশাসন, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এস