বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামীর উপজেলা দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন। তিনি বলেন, গতকাল (বুধবার) ইসলামী আন্দোলনের নারী কর্মী মারিয়া কামালের সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে আমরা জানতে পারি যে, জামায়াতে ইসলামীর দুই কর্মী তার প্রচারণায় বাধা দিয়ে হেনস্থা করেছে।

তিনি আরও বলেন, আমরা বিষয়টি যাচাই করে জানতে পারি, গত বুধবার সকাল সাড়ে নয়টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামালসহ দুই নারী, তার ছেলে তাহযিব এবং যুব আন্দোলনের সেক্রেটারি ফয়সাল হাতপাখার গণসংযোগ করার সময় ওই এলাকার সোহেল নামের এক ব্যক্তি ও অবসরপ্রাপ্ত শিক্ষক বশির উল্লাহকে তাদের প্রচারণার লিফলেট দেন। এ সময় সোহেল নির্বাচনী জোট ছেড়ে দেওয়ায় পীর সাহেবকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এতে সোহেল ও পাশে থাকা অবসরপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ফয়সাল অবসরপ্রাপ্ত শিক্ষকের গায়ে হাত তোলেন। একই সময় পাশ দিয়ে যাওয়া মসজিদের ইমাম হাফেজ আলাউদ্দিন তার মোবাইল ফোনে ঝগড়ার ভিডিওচিত্র ধারণ করতে গেলে যুব আন্দোলনের ফয়সাল তার হাত থেকে মোবাইল ফোনটি নিয়ে ভেঙে ফেলেন। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে যুব আন্দোলনের নেতা ফয়সাল আলাউদ্দিনকে মারধর করে মাটিতে ফেলে দেন। যা ঘটনার ভাইরাল হওয়া ভিডিওতে সুস্পষ্টভাবে দেখা যায়।

পরে আহত আলাউদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তিনি বলেন, এখানে নারী হেনস্থার কোনো ঘটনা না ঘটলেও একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াতকে জড়িয়ে মিথ্যা প্রচার করা হয়েছে। বিষয়টি নিয়ে ঘটনার দিন বিকেলে জামায়াত অফিসে বসে উভয় পক্ষের সঙ্গে ভুল–বোঝাবুঝির অবসান করা হলেও রাতে দেখা যায়, তাদের কেন্দ্র নিয়ন্ত্রিত ফেসবুক পেজে নারী হেনস্থার মিথ্যা গল্প তৈরি করে সরাসরি জামায়াতে ইসলামীকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। মূল ঘটনার আদ্যোপান্ত তুলে ধরতেই আজকের এই সংবাদ সম্মেলন।

এদিকে এর আগে সকালে একই ঘটনায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী এ এম এম কামাল উদ্দিন ইসলামী আন্দোলনের মহিলা কর্মীর ওপর হামলার অভিযোগ তুলে জড়িতদের শাস্তির দাবি জানান।

এনএইচ