মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে যশোর শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রিপন মৃধা নড়াইল জেলার কালিয়া উপজেলার টোনা গ্রামের রজব আলী মৃধার ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অবস্থান নেন। এ সময় সন্দেহজনকভাবে রিপন মৃধাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫৮৩ দশমিক ১৯ গ্রাম ওজনের চারটি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়াও তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৬১৫ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন মৃধা জানিয়েছেন, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে এই স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের মূল্য ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার ৩১৯ টাকা। মোবাইল ফোন ও নগদ অর্থসহ জব্দকৃত আলামতের মোট মূল্য ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৯৩৪ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিজিবির পক্ষ থেকে এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিকেলে থানা পুলিশ আটক রিপন মৃধাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
এমএম