ভোমরা কাস্টমস স্টেশন সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে ভোমরা বন্দরের মোট রাজস্ব আয় দাঁড়িয়েছে ৯৪৬ কোটি ২৩ লাখ টাকায়, যা আগের বছরের তুলনায় ৯২ কোটি ২৪ লাখ টাকা বেশি।
বছরজুড়ে বন্দর দিয়ে মোট ৫৯ হাজার ৬৯৩টি গাড়িতে ২০ লাখ ৮২ হাজার ৭২২ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। এসব পণ্যের বাজারমূল্য ছিল প্রায় ৮ হাজার ৭৫ কোটি টাকা। আমদানি থেকে রাজস্ব আয় হয়েছে ৯৭৮ কোটি ৭৮ লাখ টাকা।
এর আগের ২০২৩-২৪ অর্থবছরে আমদানি হয়েছিল ৬৩ হাজার ৯০২টি গাড়িতে ২৩ লাখ ৫৫ হাজার ৬২ টন পণ্য। তখন রাজস্ব আয় হয়েছিল ৯০৭ কোটি ৫৯ লাখ টাকা। ফলে আমদানির পরিমাণ কমলেও রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৮৪ শতাংশ।
রপ্তানির দিক থেকেও প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। ২০২৪-২৫ অর্থবছরে ২২ হাজার ৯৩৭টি গাড়িতে ২ লাখ ৮৬ হাজার ১৩০ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে। এর বাজারমূল্য প্রায় ৩ হাজার ৪০৬ কোটি ৯৫ লাখ টাকা।
২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি হয়েছিল ২৪ হাজার ৫৮০টি গাড়িতে ২ লাখ ৭৪ হাজার ১১০ মেট্রিক টন পণ্য। সেই সময়ে রপ্তানির বাজারমূল্য ছিল ৩ হাজার ৯০ কোটি ৬৩ লাখ টাকা। তুলনামূলকভাবে রপ্তানির পরিমাণ ও মূল্যে ১০ দশমিক ২৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
ভোমরা কাস্টমস স্টেশনের রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ বলেন,
“ভোমরা একটি সম্ভাবনাময় স্থলবন্দর। রাজস্ব, আমদানি ও রপ্তানিতে যে ধারা অব্যাহত রয়েছে, তা বন্দরের সক্ষমতার প্রমাণ। আশা করছি আগামীতে এই সাফল্য আরও বাড়বে।”
বন্দরের আমদানি কমলেও রপ্তানি ও রাজস্ব আয়ের এই ইতিবাচক প্রবণতা সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আশাবাদ তৈরি করেছে। তাদের মতে, অবকাঠামো উন্নয়ন ও নীতিগত সহায়তা বাড়ানো হলে ভোমরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্যিক হাবে পরিণত হতে পারে।
এনএইচ