শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বারোপুর বাঁশবাড়িয়া গ্রামের ব্যাডমিন্টন কোর্ট চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সামাজিক সংগঠন ‘বারোপুর বাঁশবাড়িয়া নবজাগরণ ও সমাজকল্যাণ সংঘ’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিপুলসংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ নাগরিক অংশ নেন।
অনুষ্ঠানে সকাল ৯টা থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু হয়। এ সময় প্রায় ৩০০ জন রক্তের গ্রুপ পরীক্ষা করান। অন্যদিকে, সকাল ১০টা থেকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ার গাইডলাইনবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. নাজমুল হক (নাহিদ), প্রভাষক, ফার্মাকোলজি বিভাগ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া; মেহেদী হাসান, ইন্সট্রাক্টর (মেকানিক্যাল), বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট; এবং আরিফ শেখ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সভায় অতিথিরা শিক্ষার্থীদের মাদকমুক্ত সমাজ গঠন, সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলা এবং আলোকিত প্রজন্ম হওয়ার আহ্বান জানান। পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণ ও সঠিক ক্যারিয়ার নির্বাচনের বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজকে সুন্দর ও মাদকমুক্ত করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন মো. শাহাদত হোসাইন, যুবাঈর হুসাইন সামী, কানিজ ফাতেমা, জাকির হোসেন, সোহেল তানভীর, মিরাজুল ইসলাম, রাকিব হোসেন ও রাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনটির সদস্যরা।
এনএইচ















