মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. কামরুল হাসান সেতু মল্লিক।

খোঁজ নিয়ে জানা যায়, তক্তাবুনিয়া এলাকার বাসিন্দা সোহাগ প্যাদার স্ত্রী লামিয়া বেগম অন্তঃসত্ত্বা ছিলেন। সকালে স্বামীর বাড়িতে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। তবে সন্তান জন্মের পরপরই তার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে লামিয়ার মৃত্যু হয়।

পুত্রবধূর মৃত্যুর কথা শুনে অসুস্থ হয়ে পড়েন ব্লাড ক্যানসারে আক্রান্ত শ্বশুর মোস্তফা প্যাদা। বিকেলে মারা যান তিনি।

হলদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তক্তাবুনিয়া এলাকার ইউপি সদস্য কামরুল হাসান সেতু মল্লিক বলেন, সন্তান জন্মের পর মা লামিয়া বেগম পটুয়াখালীতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মারা যান। পুত্রবধূর মরদেহ যাতে অসুস্থ শশুর মোস্তফা প্যাদা না দেখতে পারেন, সেজন্য তাকে অন্যত্র সরিয়ে নিতেও চেয়েছিলেন স্বজনরা। তবে খবর শুনে সহ্য করতে না পেরে অসুস্থ অবস্থায় হা-হুতাশ করেই মৃত্যু হয় মোস্তফা প্যাদার।

এমএম