শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ বাজারে আবিরপাড়া ও নাকরপাড়া গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের আবিরপাড়া গোষ্ঠীর সিয়াম ও ফাহাদের সঙ্গে নাকরপাড়া গোষ্ঠীর আরিফ ও বক্করের বন্ধুত্ব ছিল। গত বৃহস্পতিবার টিকটকে ভিডিও রিলস প্রকাশকে কেন্দ্র করে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে শুক্রবার দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিরোধ মীমাংসায় শনিবার আশুগঞ্জ বাজারে সালিশের আয়োজন করা হয়। সেখানে বিষয়টির সমাধান হলেও কিছুক্ষণ পর দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

পরে পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, টিকটক ভিডিও রিলস নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তাঁরা জানতে পেরেছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। তবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এস