আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে করিমগঞ্জ সরকারি কলেজের পাশে বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীদের সাথে কথা বলে জানা গেছে, সকাল ১০টার দিকে নিয়ামতপুর-কিশোরগঞ্জ সড়ক ধরে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করিমগঞ্জ সোবহানিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার ডিউটির জন্য যাচ্ছিলেন হাশেম। এ সময় মোটরসাইকেলটি করিমগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের যাত্রী হাবিবুর রহমান হাশেম ও চালক মো: সম্রাট নিহত হন।

নিহত শিক্ষকের নাম হাবিবুর রহমান হাশেম (৪৫)। তিনি ইটনা উপজেলার চৌগাংগা পুরান বাজার ফাজিল মাদরাসার সিনিয়র শিক্ষক। হাশেম চৌগাংগা কমলভোগ গ্রামের হাজী মো: সমির উদ্দিনের ছেলে। আর নিহত মো: সম্রাট (৪২) তাড়াইল উপজেলার কাজলা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

করিমগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

সহকারী পুলিশ সুপার (করিমগঞ্জ সার্কেল) শাহীন মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমবি