দুপুরে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের মাহমুদনগর এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল শীল (৩৫) নামে এক যাত্রী নিহত হন। তিনি রায়পুরা উপজেলার মেথীকান্দা গ্রামের নারায়ণ চন্দ্র শীলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে নরসিংদীর আরশিনগর সিএনজি স্ট্যান্ড থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি অটোরিকশা রায়পুরার দিকে যাচ্ছিল। হাসনাবাদ অতিক্রম করে মাহমুদনগর ১০ নম্বর সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি অটোরিকশা সড়কের পাশের খাদে পড়ে যায় এবং অন্যটি উল্টে যায়। দুর্ঘটনায় দুটি যানই দুমড়েমুচড়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক উজ্জ্বল শীলকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফরিদা গুলশানারা কবির জানান, দুর্ঘটনার পর ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহতদের একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
একই দিন সকালে শিবপুর উপজেলার শিবপুর কলেজ গেট এলাকায় চলন্ত ইটবাহী ট্রলি থেকে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে মো. ছাব্বির মিয়া (১৯) নামে এক শ্রমিক নিহত হন। তিনি উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে।
সকালে বেলাব উপজেলার পাটুলি নদীপাড় এলাকায় ইটবাহী ট্রলির চাপায় আলিশা আক্তার নোহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়। সে পাটুলি গ্রামের কাশেম মিয়ার মেয়ে।
নরসিংদীর রায়পুরা, শিবপুর ও বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এস
















