রাজধানী ঢাকার বনানী থানায় দায়ের করা মাদক মামলায় অভিনেত্রী পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুকে ২য় দফায় রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে।
আজ শুক্রবার ( ১৩ আগস্ট )বেলা ১১টা ৫৫ মিনিটে ২ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাদের।
পরীমণি ও দীপুর মাদক মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে শুনানি হবে। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস।
এর আগে গত ৫ আগস্ট পরীমণি ও দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।
উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়।
আটকের পর তাদের নেয়া হয় র্যাবের সদরদফতরে। সেখানেই রাত কাটাতে হয়। ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। সেদিনই তাদের আদালতে নেয়া হয়।
এইচএন





