জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর সাক্ষ্য বাতিল করে নতুন করে সাক্ষ্য গ্রহণের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি মো. মঈনুল ইসলাম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আবেদন খারিজ করেন।
তবে খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাবেন তারা।
আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও এম মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন রাগীব রউফ চৌধুরী ও মো. জাকির হোসেন ভূঁইয়া। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
খালেদা জিয়ার আরেক আইনজীবী এ কে এম এহসানুর রহমান জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর সাক্ষ্য বাতিল করে নতুন করে সাক্ষ্য গ্রহণের জন্য ১৪ জুন ফৌজদারি রিভিশন আবেদন করেন খালেদা জিয়া।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০০৮ সালে ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক। এ মামলার বাদী দুদকের উপপরিচালক হারুন অর রশীদ।
এমএইচ





