সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় গ্রেফতার তানভীর রহমানের জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে তানভীরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ।

ফাওজিয়া করিম ফিরোজ সাংবাদিকদের বলেন, বেঞ্চের এক বিচারপতির ব্যক্তিগত অসুবিধার কারণে জামিন আবেদন শুনতে অপরাগতা প্রকাশ করেছেন।

চলতি বছরের ৯ ফেব্রুয়ারি তানভীরের বাবা মাহবুবুর রহমান ছেলের জামিনের বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনে একটি আবেদন করেন।

১৩ জুলাই ওই আবেদন বিবেচনায় নিয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের পক্ষে তানভীরের জামিন চেয়ে একটি রিট করেন।

এ রিটের শুনানি নিয়ে ওইদিন হাইকোর্টের একটি বেঞ্চ তানভীরের জামিনের বিষয়ে ফৌজদারি শুনানির এখতিয়ার সম্পন্ন কোনো বেঞ্চে আবেদন করার পরামর্শ দেন।

পরে বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন বেঞ্চে তানভীরের জামিনের বিষয়ে আবেদন করা হয়।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

পরে এই মামলায় একই বছরের ১ অক্টোবর তানভীরকে আটক করা হয়।

ঢাকা, কেএ, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এএইচ