গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুর রউফ নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন স্ত্রী। লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সোমবার দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রউফ দক্ষিণ সালনা এলাকার মৃত আকবর আলীর ছেলে।

জানা গেছে রাত আড়াইটার দিকে ১০-১২ জনের একটি ডাকাতদল মুখে গামছা বেঁধে দক্ষিণ সালনা এলাকার আব্দুর রউফের বাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে প্রবেশ করে।

পরে ডাকাত দল ওই গৃহকর্তার ছেলের ঘরের প্রবেশ করে তাকে দেশীয় অস্ত্রের মুখে চোখ, হাত -পা বেঁধে জিম্মি করে গৃহকর্তা আব্দুর রউফের ঘরে ঢুকে। এসময় আব্দুর রউফ তাদের বাঁধা দিতে গেলে ডাকাতদের ধারাল অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে তিনি মারা যান।

স্বামীকে বাঁচাতে এসে হামলায় আহত হন আব্দুর রউফের স্ত্রী মাজেদা বেগম। এক পর্যায়ে ডাকাতদল ঘরের ভেতরে রাখা স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে সদর থানার ওসি মো. এজাজ শফি জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এএস