সাংবাদিক নেতা শওকত মাহমুদকে চিকিৎসার বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে হাইকোর্ট। তিনি চিকিৎসার জন্য ৪০ দিন বিদেশ অবস্থান করতে পারবেন।

সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট এম মাসুদ রানা ও মোস্তাফিজুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির, সহকারি অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান।

অ্যাডভোকেট মাসুদ রানা জানান, হাইকোর্ট শওকত মাহমুদকে জামিন দেওয়ার সময় হাইকোর্ট শর্ত দিয়েছিল বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে।

সে অনুযায়ী চিকিৎসার জন্য ১৮ জুলাই বিদেশে যাওয়ার জন্য নিম্ন আদালতে অনুমতি চেয়ে আবেদন চেয়ে ব্যর্থ হন শওকত মাহমুদ।

পরে ২৮ জুলাই হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবীরা।

গতকাল রোববার সেই আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে সোমবার শওকত মাহমুদকে বিদেশ যাওয়ার অনুমতি দেয় হাইকোর্ট।

প্রসঙ্গত, গত ২২ জুন সব মামলায় জামিন পাওয়ায় মুক্তি পান শওকত মাহমুদ।

এমবি