দুদকের দায়ের করা মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল জলিল মিয়া ও উপ-রেজিষ্টার শাজাহান আলী মন্ডলকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন জানালে আদালতের বিচারক হুমায়ন কবীর জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের আইনজীবী আব্রাহাম লিংকন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মামলায় বাকি তিন কর্মকর্তা অতিরিক্ত পরিচালক এটিজিএম গোলাম ফিরোজ, উপ-রেজিস্ট্রার মোর্শেদ উল আলম রনি, উপ-পরিচালক খন্দকার আশরাফুল আলমের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন ছাড়াই দুর্নীতির মাধ্যমে ২৭৩ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগে সরকারের ৮৯ লাখ ৭৯ হাজার ৬’শ ২০ টাকা ক্ষতি হয়। সব অভিযোগের প্রেক্ষিতে দুদকের রংপুর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবদুল করিম ২০১৩ সালে একটি মামলা করেন।  ওই চার কর্মকর্তার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তখনকার উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়াকে ওই মামলায় আসামি করা হয়।  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের একটি অংশের আন্দোলন ও মামলার প্রেক্ষাপটে ওই বছর ৪ মে উপাচার্য আব্দুল জলিল মিয়াকে অব্যাহতি দেয়া হয়।

তদন্ত শেষে চলতি বছরের ১৯ মার্চ ওই পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার।  

ইমন