গাজীপুর জেলার শ্রীপুর পৌর মেয়র মো.আনিছুর রহমানসহ ৩ জনের বিরুদ্ধে হোল্ডিং ট্যাক্স, ভ্যাট, পৌর কর এবং হাট বাজারের প্রায় ৫২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পৃথক ৩টি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমশন(দুদক)।

সোমবার দুদকের নিয়মিত সভায় আসামিদের বিরুদ্ধে ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শ্রীপুর থানায় মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়। যে কোনো সময় দুদকের উপ সহকারি পরিচালক মো. ফকরুল ইসলাম বাদী হয়ে এমামলা ৩টি দায়ের করবেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য।

তিনি জানান, গাজীপুর জেলার শ্রীপুর পৌর মেয়র মো.আনিছুর রহমান, সাবেক হিসাব রক্ষক মো. আবদুল মান্নান এবং সাবেক সচিব মাশরেকুল আলমের বিরুদ্ধে ২০১০-১১,২০১১-১২ এবং ২০১২-১৩ অর্থ বছরে ৫২ লাখ টাকা হোল্ডিং ট্যাক্স, ভ্যাট, পৌর কর এবং হাট ইজারার ৫২ লাখ ৩ হাজার ৩১২ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

এরমধ্যে রশিদের মাধ্যমে আদায় করা পৌর কর ও ট্যাক্স ৪৩ লাখ ৭৫ হাজার ১৩৭ টাকা আত্মসাতের অভিযোগে মেয়র আনিছুর রহমান এবং সাবেক হিসাব রক্ষক আবদুল মান্নাকে একটি মামলায় আসামি করা হচ্ছে।

মেয়র আনিছুর রহমান,সাবেক হিসাব রক্ষক মো. আবদুল মান্নান এবং সাবেক সচিব মাশরেকুল আলমকে শ্রীপুর হাট বাজার, মাওনা চৌরাস্তা অস্থায়ী বাজার, মাওনা হাটবাজার, ১নম্বর সিএন্ড বি
বাজার এবং মাষ্টার বাড়ি বাজারের ইজারা মূল্যেও ভ্যাট ও আয়কর বাবদ ইজারাদারের কাছ থেকে আদায়ের পর আত্মসাতের ঘটনায় একটি মামলায় আসামি করা হচ্ছে।

পৌর সভার আদায় করা ট্যাক্স ও করের ৯২ হজার ৯৭৫ টাকা আত্মসাতের অভিযোগে মেয়র আনিছুর রহমানকে একটি মামলায় আসামি করা হচ্ছে।
ঢাকা,একে, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসআর