চার বাংলাদেশী নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে বিএসএফ। অবৈধভাবে ভারতে বেড়াতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছিলেন তারা।
সোমবার সন্ধ্যা ৬টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেট দিয়ে তাদের ফেরত দেওয়া হয়।
এর আগে সীমান্তের শুন্য রেখায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান এবং বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন হিলি ক্যাম্প কমান্ডার এস, আই প্রভাষ সিং।
ফেরত আসা বাংলাদেশীরা হলেন, মাহাতাব হোসেন (২০), জাহিদ হোসেন (২০), জুয়েল মিয়া (২০) এবং আইয়ুব হোসেন (১৮)।
এদের মধ্যে প্রথম তিন জনের বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। অপরজনের বাড়ি চট্টগ্রামের বুঝপুরে।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, অবৈধভাবে হিলি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের পর সেখান থেকে কলকাতা যাওয়ার পথে ভারতের হিলি বাসন্ট্যান্ড থেকে শনিবার বিকালে হিলি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।
আজ সোমবার দুই বাহিনীর মাঝে পতাকা বৈঠক শেষে আটককৃতদের বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ। পরে তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়।
এমকে





