বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। আটক দুই পুলিশ সদস্য হলেন- সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, মাদক উদ্ধারের অভিযানে অংশ নিতে ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় গিয়েছিলেন। একপর্যায়ে নতুন যোগ দেওয়া কনস্টেবল রোহিত দেওয়ান পথ চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন নো ম্যানস ল্যান্ডে ঢুকে পড়েন।

পরে ভারতের স্থানীয় কয়েকজন মাদক কারবারি তাকে আটক করেন। কনস্টেবলকে উদ্ধার করতে গিয়ে এএসআই ইমরান হোসেনও আটক হন। এরপর তাঁদের বিএসএফের হাতে তুলে দেওয়া হয় বলে জানান ওসি।

আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ ও আলোচনা চলছে। তাদের উদ্ধারে পরবর্তী পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

এনএইচ