বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার এলাকায় রিপা আক্তার (১৮) নামে এক তরুণী ছুরিকাঘাত করেছে দুই যুবক। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিমতলা নামক স্থানেএ ঘটনা ঘটে।
রিপার বড়বোন রুপা আক্তার জানান, তার ছোটবোন রায়েরবাজারে একটি পোশাক বিক্রির দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। কাজ শেষে রাত ৯টার দিকে রিকশাযোগে বাসায় ফেরার পথে নিমতলা নামক স্থানে চাকমা আমিনসহ দুই যুবক রিপার রিকশার গতিরোধ করে। এরপর প্রথমে তার ব্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় রিপা চিৎকার শুরু করলে চাকমা আমিন রিপার দুই গালে ও গলায় ছুরিকাঘাত করে ব্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
রুপা আরো জানান, চাকমা আমিন কিছু দিন ধরে রিপাকে উত্ত্যক্ত করে আসছিল এবং গত সপ্তাহে সে রিপাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল। কিন্তু বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় আমিন রিপাকে ছুরিকাঘাত করে।
এ ব্যাপারে হাজারিবাগ থানার ডিউটি অফিসার সহকারি পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এইচ ই





