অর্থপাচারের (মানিলন্ডারিং) মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে হাইকোর্টের দেয়া স্থায়ী জামিন আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২০ জুলাই প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান গত বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনটি করেন।
গত ৯ জুলাই তিন শর্তে ড. খন্দকার মোশাররফ হোসেনকে স্থায়ী জামিন দেন বিচারপতি মো. রেজাউল করিম ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ। শর্তগুলো হচ্ছে- খন্দকার মোশাররফকে বিচারিক আদালতে তার পাসপোর্ট জমা দিতে হবে, তিনি বিচারিক আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না এবং যে আর্থিক প্রতিষ্ঠানে তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে, সে আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যোগাযোগ করতে পারবেন না।
জামিন লাভের পর তার মুক্তিতে কোনো বাধা নেই বলে জানান আইনজীবীরা। তিনি এখন কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যুক্তরাজ্যে মোট ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা পাচারের অভিযোগে গত ৬ ফেব্রুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় এ মামলা দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, খন্দকার মোশাররফ ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে যুক্তরাজ্যের ‘Lloyds TSB Offshore Private Bank’ ব্যাংকে তার নিজের ও স্ত্রী বিলকিস আক্তারের যৌথ নামে ৮ লাখ ৪ হাজার ১৪২ ব্রিটিশ পাউন্ড পাচার করেন, যা বাংলাদেশি টাকায় ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা। এ টাকা তিনি বিভিন্ন সময় ১০৮৪৯২ নম্বরে ফিক্সট টার্ম ডিপোজিট হিসেবে জমা করেন।
ঢাকা, কেএ, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





