রাজধানীর প্রধান সড়ক দিয়ে পথচারীদের যত্রতত্র পারাপার ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার সপ্তাহব্যাপী অভিযানের শেষ দিন। এদিন সকাল সাড়ে ১০টা থেকে হোটেল সোনারগাঁও মোড়  ও বাংলামোটরে দুটি ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করেন। চলবে সন্ধ্যে পর্যন্ত।

পান্থপথ মোড়ে পরিচালিত অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরয়ারুল আলম এবং বাংলামোটর মোড়ে আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কুদ্দুস।

ডিএমপি সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য রাজধানীর ব্যস্ততম সড়কের হোটেল রূপসী বাংলা মোড় থেকে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কের মোড়ে রাখা হয়েছে প্রিজন ভ্যান।

হোটেল সোনারগাঁও, বাংলামোটর মোড় কিংবা ফার্মগেট দিয়ে যত্রতত্র রাস্তা পারাপারের সময় পথচারীদের বাধা দিচ্ছে পুলিশ।

আইন লঙ্ঘনকারীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে ভ্রাম্যমাণ আদালতে। এরপর দোষীদের দণ্ড দিচ্ছেন ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্টরা জানান, এ পর্যন্ত (দুপুর পৌনে ১২টা) নয়জন পথচারী ও তিনটি গাড়িকে জরিমানা করা হয়েছে। এরমধ্যে হোটেল সোনারগাঁও মোড়ে পাঁচজন পথচারী ও ফিটনেসবিহীন বাস ও মোটর সাইকেলকে অর্থদণ্ড দেওয়া হয়।

আর বাংলামোটর মোড়ে একটি প্রাইভেট কার এবং চারজন পথচারীকে দণ্ড দেয়া হয়েছে বলে জানান তারা।

এরইমধ্যে পারাপারের নিয়ম অমান্য করে সড়ক পার হওয়ায় অনেক পথচারীকে দণ্ড দেওয়া হয়েছে।

সড়ক পারাপারে নিয়ম ভঙ্গকারী পথচারীদের ৫০ থেকে সর্বোচ্চ ২০০ টাকা হারে আর্থিক জরিমানা করা হচ্ছে। এ ছাড়া ছয় মাসের কারাদণ্ড দেওয়ার বিধানও রয়েছে।

এএইচ