ক্যাসিনোর টাকায় হঠাৎ দুই ভাই মাত্র তিন বছরে আঙ্গুল ফুলে কলা গাছ। গেন্ডারিয়া ও নারিন্দা এলাকায় ৩০টির বেশি বাড়ির মালিক হয়েছেন আওয়ামী লীগ নেতা দুই ভাই এনামুল ও রুপন।
এলাকাবাসীর মুখেও উঠে এলো তাদের অপকর্মের নানা অভিযোগ। স্থানীয় আওয়ামী লীগ বলছে, ক্যাসিনো ব্যবসার সঙ্গে দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে।
এ যেন হঠাৎ করে আলাদিনের চেরাগ পেয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার মতো অবস্থা। মাত্র তিন বছরের ব্যবধানে গেন্ডারিয়া এবং নারিন্দায় ৩০টি মতো বাড়ির মালিক হয়েছে এনামুল ও রুপন।
কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত আকর্ষণীয় ডিজাইনের এক একটি বাড়ি যেন এক একটি প্রাসাদ। রয়েছে সিসিটিভি ক্যামেরাসহ অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। ভেতরের আসবাবপত্রেও অভিজাত্য আর আধুনিকতার ছোঁয়া।
স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে ক্যাসিনো এবং জুয়ার ব্যবসার টাকা দিয়ে এসব বিলাসবহুল বাড়ি ও অবৈধ অস্ত্র মজুদ করে এনাম।
স্থানীয়দের একজন বলেন, ‘নারিন্দায় প্রায় ১০-১৫টা বাড়ি ওনারা কিনেছে। এ সবকিছু হয় জুয়ার টাকায়। তাদের বাপ আগে থেকে এ ব্যবসা করে গেছে। এখন তারা করে।’
গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি জানান, দলের কেউ ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকলে আইনগত ব্যবস্থার পাশাপাশি দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়ার বাড়ি থেকে টাকা ও স্বর্ণ উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এএস





