দি সিটি ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের সাবেক ৪ কর্মকর্তাকে কথিত ব্যবসায়ী ওয়াহিদুর রহমানকে ৬ কোটি টাকা ঋণ জালিয়াতির সহায়তার অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত দুদকের উপ-পরিচালক মো. জুলফিকার আলীর নেতৃত্বাধীন টিম তাদের জিজ্ঞাসাবাদ করেন।

ওই ৪ কর্মকর্তা হলেন; সাবেক হেড অব এসএমই বদরুদ্দৌজা চৌধুরী, সাবেক হেড অব মার্কেটিং সাদাত আহমেদ খান, সাবেক বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নুরুল আজম মজুমদার ও সাবেক রিলেশন ম্যানেজার এম এম আশিক আল মেহেদী।

জানা যায়, কথিত ব্যবসায়ী ওয়াহিদুর রহমান বিভিন্ন সময় দেশের ৪টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে- বেনামে প্রায় এক হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন।

এর মধ্যে বেসিক ব্যাংকের ৭৬৭ কোটি টাকা, আইসিবি ইসলামী ব্যাংকের ১০০ কোটি, বাংলাদেশ কৃষি ব্যাংকের ১৫২ কোটি, দি সিটি ব্যাংকের ৬ কোটি এবং আইডিএলসি থেকে ২ কোটি ৪০ লাখ টাকা ঋণের নামে আত্মসাৎ করা হয়েছে।

একে/ইআর