প্রধান বিচারপতি এসকে সিনহার মোবাইলে কথপোকথনের অডিও প্রচার করায় একাত্তর টিভি আদালত অবমাননা করেছে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, কারো প্ররোচনায় এবং উদ্দেশ্য নিয়ে একাত্তর টিভি এটি প্রচার করেছে।
মঙ্গলবার অ্যার্টনি জেনারেল তার কার্যালয়ে সাংবাদিকেদর এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমার বিশ্বাস প্রধান বিচারপতিকে হেয় করার জন্য কারো প্ররোচনায় একাত্তর টিভি এটি প্রচার করেছে।’
মাহবুবে আলম বলেন, ‘আমরা গতকাল আদালতে অডিওর বিষয়টি উপস্থাপন না করার চেষ্টা করেছি। কিন্তু একাত্তর টিভি এটি সারা দেশে প্রচার করে বিভ্রান্তি ছড়িয়েছে কি না এজন্য আগামী ১৬ আগস্ট একাত্তর টিভির ভিডিও ফুটেজ ও অডিও আদালতে জমা দিতে বলা হয়েছে।
এর আগে প্রধান বিচারপতি এসকে সিনহার সঙ্গে অন্য এক বিচারপতির কথোপকথনকে কেন্দ্র করে একাত্তর টিভির টক শো ‘একাত্তর জার্নালে’ প্রচারিত টকশোর সিডি আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
আগামী ১৬ আগস্টের মধ্যে এটি দাখিল করতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেয়া হয়েছে।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
প্রসঙ্গত, দৈনিক জনকন্ঠের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় তাদের প্রতিবেদনের সপক্ষে সাকা চৌধুরীর মামলা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে অন্য এক বিচারপতির টেলিকথোপকথনের শ্রুতিলিখন আদালতে তুলে ধরেন আইনজীবী সালাউদ্দিন দোলন। সেটা নিয়ে সোমবার রাতে একাত্তর জার্নালে টকশো অনুষ্ঠিত হয়।
এমএইচ





