গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অপহৃত স্কুলছাত্রী লক্ষ্মী রাণীকে (১৩)উদ্ধার করেছে পুলিশ।
কুমিল্লা সদরের হোমনা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী শাহজালাল মিয়া (২০) আটক করা হয়।
লক্ষ্মী রাণী সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের পুর্বশিবরাম গ্রামের দিনেশ চন্দ্র সরকারের মেয়ে। সে বামনডাঙ্গা গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
আটক শাহজালাল মিয়া ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্চরামপুর উপজেলা সদরের রাধানগর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
এর আগে গত ১৯ ডিসেম্বর শাহজালালসহ কয়েকজন যুবক লক্ষ্মী রাণীকে নিজ বাড়ির সামন থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিনেই লক্ষ্মী রাণীর বাবা দিনেশ চন্দ্র সরকার বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল ওয়াহেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারীর অবস্থান নির্ণয় করা হয়। পরে বাঞ্চরামপুর থানা পুলিশের সহযোগিতা নিয়ে অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক দ্য রিপোর্টকে জনান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে লক্ষ্মী রাণীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল পাঠানো হয়েছে। অপহরণকারী শাহজালালকে আদালতে হাজির করা হবে বলেও জানান ওসি।
কেএইচ





