তুহিন মালিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ধর্ম অবমাননার ২টি নালিশী মামলা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

ঢাকা মহানগর হাকিম হাসিবুল হকের আদালতে মঙ্গলবার মামলাটি করেন সংগঠনটির উপ-আন্তর্জাতিক সম্পাদক গোলাম রাব্বানী। রাষ্ট্রের অনুমতি সাপেক্ষে তদন্ত করে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য শাহবাগ থানাকে নির্দেশ দিয়েছে আদালত।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেল, অর্থ সম্পাদক আশিকুল ইসলাম ও ত্রাণ ও দুযোগ সম্পাদক নুরে আলম।

বাদী পক্ষকে আইনি সহায়তা দেন ব্যারিস্টার নাজমুল হাসান।

মামলার প্রাথমিক বিবরণীতে বলা হয়, গত ৩০ নভেম্বর লন্ডনের ওয়াটার লিলি গার্ডেন অডিটরিয়ামে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ড. তুহিন মালিক বলেন, ‘সংবিধানে সব মুজিবের কাহিনী ও এতে তার পরিবারের গানা-বাজনা জুড়ে দেওয়া হয়েছে। এগুলো যে বাতিল করতে চেষ্টা করবে তার ফাঁসি হয়ে যাবে।’

তুহিন মালিক আরও বলেন, ‘সংবিধানে নাস্তিক্যবাদিতা ও ধর্মহীনতা বিষয় জুড়ে দেওয়া হয়েছে। সংবিধানে যা জুড়ে দেওয়া হয়েছে তা কেয়ামত পর্যন্ত কেহও সংশোধন করতে পারবে না।’

ড.তুহিন মালিক আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ আল্লাহ যা চান, মানুষ সেটা হয়তো বোঝে না। একমাত্র বিকল্প রয়ে গেছে সংবিধান বাতিল! কিসের জাতির পিতা, কিসের আদর্শ, কিসের চেতনা কিচ্ছুই থাকবে না, ইনশাআল্লাহ!’

এএইচ