পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন হয়রানিকারীদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক আইনজীবী।

সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এ রিট দায়ের করেন।

রিটে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, একটি বিশেষ ট্রাইব্যুনালে এই ঘটনায় দায়ীদের বিচার করার জন্য আদেশও রিটে চাওয়া হয়েছে।

আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ৬ জনকে রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার যৌন হয়রানির ঘটনায় হাইকোর্টের একটি বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রুল জারি করেন।

কেএইচ