ঢাকার সাভারে স্কুলছাত্রী নীলা রায়কে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে গ্রেফতার অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্য ও মামলার প্রধান আসামি মিজানুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব আহসান এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মিজানকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা সাভার থানার এসআই নির্মল চন্দ্র ঘোষ। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আনোয়ারুল কবীর বাবুল এই বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শুক্রবার মিজানুর রহমানের বাবা আব্দুর রহমান ও মা নাজমুন নাহার সিদ্দিকার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মানিকগঞ্জ সদর থানার চারিগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাতে হাসপাতালে যাওয়ার সময় ভাইয়ের সামনে থেকে নীলা রায়কে (১৪) তুলে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে মিজানুর রহমান। নীলা স্থানীয় অ্যাসেড স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল।
পরে আব্দুর রহমান ও তার স্ত্রী সাভারের ব্যাংক কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নীলা হত্যাকাণ্ডের পরই তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম থেকে আবদুর রহমান ও তার স্ত্রী নাজমুন নাহার সিদ্দিকীকে গ্রেফতার করা হয় বলে জানান র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ।
এমবি





