বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবিরি) সাবেক চেয়ারম্যান খিজির খানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি কুষ্টিয়া জেলা সমিতিরও সভাপতি।

রাজধানীর মধ্যবাড্ডার গোদারাঘাট এলাকায় সোমবার রাত সাড়ে আটটার দিকে বাসায় ঢুকে তাকে হত্যা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মধ্য বাড্ডার জ-১০/১ বাড়ির দ্বিতীয় তলায় ওই খুনের ঘটনা ঘটে।  বাড়িটির তিনতলাও তছনছ করে দুর্বৃত্তরা।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল বলেন, পিডিবির এক কর্মকর্তা খুন হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি।

পুলিশ সূত্রে আরও জানা যায়, মধ্যবাড্ডার সাততলা বাড়ির তিনতলায় মোহাম্মদিয়া খানকাহ শরীফের কার্যক্রম চলত। খানকাহ শরীফটির ঢাকা অফিসের দায়িত্বে ছিলেন তিনি। তার বেশকিছু মুরিদ রয়েছে।

এদিকে খিজির খানের হত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত হয়েছেন।

এর আগে, ২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের ভাড়া বাড়ির দোতলায় ইসলামী ফ্রন্ট নেতা ও টেলিভিশন উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

২০১৩ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় পুরান ঢাকার গোপীবাগের আর কে মিশন রোডের ৬৪/৬ নম্বর বাসার দোতলায় ‘আধ্যাত্মিক পীর’ লুৎফর রহমান ফারুক (৬০), তার ছেলে মনির হোসেন (৩০), অনুসারী সাইদুর রহমান (৩০), মজিবর রহমান (৩২), রাসেল (৩০) ও বাসার তত্ত্বাবধায়ক মঞ্জুর আলম ওরফে মঞ্জুকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

কেবি