বিচার বিভাগের ওপর যেন প্রেসার না পড়ে, সে জন্য সংসদে সংসদ সদস্যরা সঠিকভাবে আইন প্রণয়ন করবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান বিচারপতি বিচারকদের ‍উদ্দেশ্যে বলেন, ‘আমি প্রথমে বলবো, বিচারক হিসেবে আমার পরিধি হচ্ছে- আমি বিচারক। আমার কাজ সময় মতো কোর্টে কাজ করা। আমার কাজ সময়মতো রায়টা দিয়ে দেওয়া। আমি ব্যক্তি বিচারক হিসেবে যেন সমালোচনার ঊর্ধ্বে থাকি’।
আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, ‘আমি আশা করবো, আমাদের যে আইনজীবীরা আছেন, তাদের কাছে যখন কোনো মক্কেল মামলা নিয়ে আসেন, তখন মাহমুদুল ইসলামের মতো ব্যবহার করবেন। যদি মামলায় গ্রহণযোগ্যতা না থাকে তাহলে মামলা ফিরিয়ে দেবেন। এতে মামলার চাপ বা জট কমে যাবে। আর যদি গ্রহণযোগ্যতা থাকে, তাহলে মামলার প্রেজেন্টশন ঠিক ভাবে করবেন। আমরা কিন্তু প্রকৃতপক্ষে এটা ভুলে যাচ্ছি’।

জাতীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা আশা করবো, আমাদের জাতীয় সংসদকে, সংসদ সদস্যদেরকে- আপনারা যখন আইন করবেন, তখন আইনগুলো যাতে সঠিকভাবে হয়, যাতে বিচার বিভাগের ওপর প্রেসার না পড়ে। আপনারা যখন ত্রুটিপূর্ণ আইন করবেন, তখন কিন্তু আমাদের ওপর বিচার বিভাগের ওপর প্রেসার পড়ে যায়’।

নির্বাহী বিভাগকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, ‘প্রশাসনে যারা আছেন তারা যেন তাদের লাইন, আর তাদের যে পরিধি আছে, ডিমারকেশনের বাইরে আপনারা হস্তক্ষেপ করবেন না। এতে আমাদের ওপর বিচার বিভাগের ওপর চাপ পড়ে যায়। আমরা দেখবো না, দেশে দুই ধরনের বিচার ব্যবস্থা চলুক’।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

আরও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, ড. কামাল হোসেন, রফিক-উল হক, এম আমীর উল ইসলাম, আবদুল বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ুন ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।